জাতীয়
প্রধান খবর

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের জবাব দিলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তর পর্বের প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ছিল।

আজকের প্রশ্নোত্তর পর্বে প্রথম প্রশ্ন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। প্রধানমন্ত্রীর কাছে তার প্রশ্ন ছিল-সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত কার্যক্রমসমূহের কী কী অগ্রগতি সাধিত হয়েছে।

প্রশ্নোত্তর পর্বের শুরুতে প্রধানমন্ত্রী সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন এবং নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনের ভোটারদের ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘যাঁরা আমাকে ভোট দিয়ে ঢাকা-১৭ আসনে নির্বাচিত করেছেন, তাদের ধন্যবাদ। একইসঙ্গে যারা ভোট দেননি, জনপ্রতিনিধি হিসেবে তাদেরও ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সর্বোচ্চ চেষ্টা দিয়ে সেগুলো বাস্তবায়নের চেষ্টা করব।’

বিএনপি দলীয় সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের (পটুয়াখালী-৪) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর মাধ্যমে দেশের অর্থনীতি আরও সচল হবে।

তিনি জানান, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় আনা হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ৩টি করপোরেশন ও ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, আগামী চার বছরের মধ্যে পর্যায়ক্রমে চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।

ফ্যামিলি কার্ডের মাধ্যমে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ বাড়বে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এই কার্ড পরিবারের নারী প্রধানের নামে প্রদান করা হবে। ফলে সহায়তার অর্থ সরাসরি পরিবারের খাদ্য, পুষ্টি, জরুরি চিকিৎসা ও শিক্ষার খাতে ব্যয় হবে এবং একই সঙ্গে পরিবারের সিদ্ধান্ত গ্রহণে নারীর মর্যাদা ও ভূমিকা বৃদ্ধি পাবে।

এদিকে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ জনগণের আমানত। দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে এই অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে।’

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button