
পাঁচ দশক আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যশোরের উলশীতে যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আজ সেই উলশীতেই খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের সূচনা করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী দেশের তিনটি স্থানে কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচিতে অংশ নেন।
এর আগে প্রধানমন্ত্রী খালপাড়ে একটি ফলক উন্মোচন করেন। ফলকে লেখা রয়েছে, “যশোর জেলার শার্শা উপজেলাধীন উলসী খাল (জিয়া খাল) পুনঃখনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রী, ২৭ এপ্রিল, ২০২৬।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ পানিসম্পদ মন্ত্রণালয় ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইতিহাস অনুযায়ী, ১৯৭৬ সালের ১ নভেম্বর শার্শা উপজেলার উলশী থেকে যদুনাথপুর পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ একটি খাল স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খনন করেছিলেন জিয়াউর রহমান। পরে এটি ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়।
পাঁচ দশক পর খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে পুনঃখনন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, খাল পুনঃখননের ফলে এলাকার জলাবদ্ধতা নিরসন, সেচ সুবিধা বৃদ্ধি এবং কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



