জাতীয়
প্রধান খবর

এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে: প্রধানমন্ত্রী

আগামী এক মাসের মধ্যেই শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশাল-এ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মজয়ন্তীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, শিশু রামিসা হত্যাকাণ্ড মানুষের চূড়ান্ত নৈতিক অবক্ষয়ের প্রমাণ। বর্তমান সরকার কোনোভাবেই শিশু কিংবা নারী নির্যাতন মেনে নেবে না।

তিনি বলেন,
“আগামী এক মাসের মধ্যে সরকার শিশু রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে এবং সেই সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। যাতে ভবিষ্যতে আর কেউ এভাবে শিশু বা নারী নির্যাতনের সাহস না পায়।”

তারেক রহমান আরও বলেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। পাশাপাশি রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধ পুনর্জীবিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-কে স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, তার জীবন ও সাহিত্যকে বিশ্বদরবারে আরও বেশি ছড়িয়ে দিতে হবে এবং নতুন প্রজন্মের কাছে তার জীবনদর্শন পৌঁছে দিতে হবে।

এ সময় তিনি কবির স্মৃতিবিজড়িত ত্রিশালকে ‘নজরুল সিটি’ ঘোষণা করার বিষয়টি বিবেচনার আহ্বান জানান সংশ্লিষ্টদের প্রতি।

জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধন ঘোষণা করে প্রধানমন্ত্রী বলেন,
“আসুন জাতীয় কবির জন্মদিনে আমরা অন্যায়-অবিচার, ক্ষুধা-দারিদ্র ও বিপদের গ্লানি মুছে ফেলি। সবার আগে বাংলাদেশকে ধারণ করি।”

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button