জাতীয়
প্রধান খবর

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ

জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এই লক্ষ্যে গত ৩ জুন স্বাস্থ্য অধিদপ্তর একটি নির্দেশনা জারি করেছে, যাতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পরিদর্শন কার্যক্রমে সহযোগিতা নিশ্চিত করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন বিভাগের পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আদেশে উল্লেখ করা হয়, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং রোগীদের জন্য অধিকতর সুযোগ-সুবিধা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে অনেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংখ্যা সীমিত থাকায় রোগীরা প্রয়োজনীয় চিকিৎসা নিতে নানা সমস্যায় পড়ছেন।

শয্যা সংখ্যা বাড়ানো হলে উপজেলা পর্যায়েই বেশি সংখ্যক রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারবেন। এতে জেলা সদর হাসপাতালের ওপর চাপও কমবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বাস্তবায়ন কার্যক্রমের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে পরিদর্শন দল গঠন করা হবে। এসব দল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবকাঠামো, ভবন, সম্প্রসারণের সম্ভাবনা, সংস্কার প্রয়োজনীয়তা এবং অতিরিক্ত শয্যা স্থাপনের সক্ষমতা যাচাই করবে।

নির্দেশনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) পরিদর্শন দলের সঙ্গে সার্বিক সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও স্থানীয় ব্যবস্থাপনা নিশ্চিত করতেও বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই উদ্যোগ বাস্তবায়িত হলে মাতৃস্বাস্থ্য, শিশুস্বাস্থ্য, জরুরি চিকিৎসা, মেডিসিন ও সার্জারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে উপজেলা পর্যায়ের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। পাশাপাশি রোগীদের জেলা বা বিভাগীয় হাসপাতালে যাওয়ার চাপও কমবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ সংক্রান্ত অফিস আদেশ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থায় পাঠানো হয়েছে এবং ওয়েবসাইট ও ই-মেইলের মাধ্যমেও জানানো হয়েছে।

তথ্যসূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button