জাতীয়
প্রধান খবর

দেশের অর্থ বিদেশে পাচার আর হতে দেওয়া হবে না: তারেক রহমান: প্রধানমন্ত্রী

যারা জাতীয় বাজেটকে গণবিরোধী বলে আখ্যা দেয়, তারা জনগণের প্রকৃত বন্ধু হতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৭ জুন) শ্রীমঙ্গল-এ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী এক বছরের মধ্যে দেশের সব চা-বাগানের নারী শ্রমিকের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, নারী-পুরুষের সমান অংশগ্রহণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। নারীদের স্বাবলম্বী করতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা যাবে।

তিনি আরও বলেন, মানুষের জীবনমানের উন্নয়ন এবং ভাগ্যের পরিবর্তনই সরকারের মূল লক্ষ্য। ইতোমধ্যে শ্রীমঙ্গলে ১৫০ জন চা-শ্রমিকের সন্তানকে শিক্ষাবৃত্তি দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী এক বছরে ৪০ লাখ কৃষকের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

স্বাস্থ্যসেবার উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে দেশের উপজেলা পর্যায়ের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা হবে।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কল্যাণ ও জীবনমান উন্নয়নের লক্ষ্যেই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। অথচ একটি রাজনৈতিক দল এটিকে গণবিরোধী বাজেট বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এমন অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

তারেক রহমান বলেন, জনগণ যখনই অবাধে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, তখনই বিএনপির প্রতি আস্থা রেখেছে। গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জনগণের ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দেশের সম্পদ বিদেশে পাচারের সুযোগ আর দেওয়া হবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করা হবে এবং অর্থপাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তথ্যসূত্র: চ্যানল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button