জাতীয়
প্রধান খবর

তারেক রহমানের সফরের ভিডিওতে কেন ব্যবহার হলো ‘মহাজাদু’?

সম্প্রতি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। সফরের উল্লেখযোগ্য মুহূর্তগুলো নিয়ে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

ভিডিওটির বিশেষ আকর্ষণ ছিল এর আবহসঙ্গীত। এতে ব্যবহার করা হয়েছে বাংলাদেশের জনপ্রিয় গান মহাজাদু, যা হাবিব ওয়াহিদ এবং মেহরনিগরি রুস্তম-এর কণ্ঠে নতুনভাবে জনপ্রিয়তা পেয়েছে। বাউল সাধক দুরবীন শাহের শিষ্য গীতিকবি খোয়াজ মিয়ার লেখা এই গানটি বাংলার বাউল ঐতিহ্য ও ফারসি কাব্যের এক অনন্য সংমিশ্রণ।

মঙ্গলবার (২৩ জুন) সকালে আনোয়ার ইব্রাহিমের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশ করা হয়। প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই এটি ১০ লাখের বেশি বার দেখা হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

দুই মিনিট ৪০ সেকেন্ড দৈর্ঘ্যের ভিডিওতে দুই দেশের সরকারপ্রধানের দ্বিপাক্ষিক বৈঠক, গার্ড অব অনার, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন আনুষ্ঠানিক কর্মসূচির দৃশ্য তুলে ধরা হয়েছে। পুরো ভিডিওজুড়ে বাজতে থাকে ‘আমার বন্ধু মহাজাদু জানে’ গানটি, যা সফরের কূটনৈতিক আবহে এক ভিন্ন মাত্রা যোগ করেছে।

পুরো ভিডিও এখানে দেখুন

ভিডিওর একপর্যায়ে রোহিঙ্গা সংকট প্রসঙ্গে বক্তব্য দিতে দেখা যায় আনোয়ার ইব্রাহিমকে। তিনি বলেন, বাংলাদেশ ও মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সমস্যা সমাধানে দুই দেশ যৌথভাবে কাজ করবে। এ সময়ও পটভূমিতে বাজতে থাকে গানের জনপ্রিয় পঙক্তি- “লাগাইয়া পিরিতির ডুরি, আলগা থাকি টানে রে”

অনেকের মতে, ‘মহাজাদু’ শুধু প্রেমের গান নয়; এটি সম্পর্ক, বন্ধন ও মানবিক সংযোগেরও প্রতীক। সেই অর্থে ভিডিওটিতে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের উষ্ণতা এবং দুই প্রধানমন্ত্রীর পারস্পরিক সৌহার্দ্যকেই তুলে ধরা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর সরকার গঠনের চার মাসের মাথায় এটিই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফর। মালয়েশিয়া সফর শেষে তিনি বর্তমানে তিন দিনের সরকারি সফরে চীন অবস্থান করছেন।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button