জাতীয়
প্রধান খবর

বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ, ঘোষণা ১০ দফা পদক্ষেপ

সারাদেশে টানা ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদেরও দুর্গত মানুষের সহায়তায় মাঠে নামার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী জানান, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জেলা প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বিএনপির চেয়ারম্যান হিসেবেও তারেক রহমান দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের দ্রুত দুর্গত এলাকায় গিয়ে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রীর মুখপাত্র মাহাদী আমিন ফেসবুকে এক পোস্টে দুর্যোগ মোকাবিলায় সরকারের নেওয়া ১০টি পদক্ষেপ তুলে ধরেছেন। তিনি জানান, চট্টগ্রাম অঞ্চলে আকস্মিক বন্যা ও ভারী বর্ষণে সৃষ্ট সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী সরাসরি তদারকি করছেন।

সরকারের ঘোষিত পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে-

  • প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত সমন্বয়।
  • চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
  • চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ।
  • দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, শিশুখাদ্য ও তিন বেলার খাবার নিশ্চিত করা।
  • প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন।
  • স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিদের মাধ্যমে ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তা কার্যক্রম জোরদার।
  • বিএনপির নেতা-কর্মী এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে মাঠপর্যায়ে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়ার নির্দেশ।
  • বন্যা ও ভূমিধসের কারণে দুর্গত এলাকায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত।
  • হতাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের নির্দেশনা।
  • ভবিষ্যতে জলাবদ্ধতা কমাতে চট্টগ্রাম-দোহাজারী ৪৭ কিলোমিটার রেলপথ ৫ ফুট উঁচু করার পরিকল্পনা এবং পাহাড়ধস ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ আবাসনের উদ্যোগ।

সরকার আশা প্রকাশ করেছে, দ্রুত সিদ্ধান্ত, সমন্বিত উদ্যোগ এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, কোস্ট গার্ড, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত প্রচেষ্টায় চলমান বন্যা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

তথ্যসূত্র: চ্যানেল ২৪

এই বিভাগের অন্য খবর

Back to top button