জাতীয়
প্রধান খবর

অক্টোবরেই ৫ বিভাগে চালু হবে শিশুদের বিশেষায়িত হাসপাতাল: প্রধানমন্ত্রী

মানসম্মত স্বাস্থ্যসেবা শুধু শহরকেন্দ্রিক না রেখে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, আগামী অক্টোবরেই কুমিল্লা, বরিশাল, খুলনা, রংপুর ও রাজশাহীতে শিশুদের জন্য বিশেষায়িত হাসপাতাল চালু করা হবে।

শনিবার (১৫ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন শেষে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সুযোগ-সুবিধার বিষয়ে খোঁজ নেন।

প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবা শুধু মানুষের মৌলিক অধিকার নয়, এটি দেশের অর্থনৈতিক ও সামগ্রিক উন্নয়নের অন্যতম চাবিকাঠি। সবার জন্য সহজলভ্য ও সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, উন্নত চিকিৎসা যদি শুধু বিত্তশালীদের মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে সেটিকে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা বলা যায় না। চিকিৎসকদের রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ চিকিৎসার মান আরও বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, চিকিৎসক, রোগী ও স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে নিরাপত্তাহীনতা তৈরি হলে সরকারের কোনো উদ্যোগই কাঙ্ক্ষিত ফল দেবে না।

প্রত্যন্ত অঞ্চলের রোগীদের চিকিৎসার জন্য অতিরিক্ত অর্থ ব্যয় করে রাজধানীতে আসার প্রয়োজন যেন না হয়, সে লক্ষ্যেও কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী। এ জন্য ই-হেলথ কার্ডের মাধ্যমে কার্যকর রেফারেল ব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।

তথ্যসূত্র: যমুনা টিভি

এই বিভাগের অন্য খবর

Back to top button