হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ ও উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছে ইরান।
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে এ আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ে যে জটিলতার আশঙ্কা তৈরি হয়েছিল, তা থেকে আপাতত মুক্ত থাকছে বাংলাদেশ।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দফতরে হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমী জাহানাবাদী। এ সময় তিনি বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজের হরমুজ প্রণালি দিয়ে নির্বিঘ্নে চলাচলের বিষয়টি জানান।
সাক্ষাৎকালে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা করেন তারা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ অঞ্চল ও এর বাইরের জনগণের স্বার্থে সংশ্লিষ্ট অঞ্চলে বিদ্যমান উত্তেজনার দ্রুত অবসান এবং দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়ে বাংলাদেশের প্রত্যাশার কথা তুলে ধরেন।
এদিকে, সাম্প্রতিক সময়ে আলোচিত মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়েও কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, মক্কা প্যাক্ট ইরানের বিরুদ্ধে কোনো জোট নয়। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে এতে যুক্ত হওয়ার বিষয়টি গ্রহণ করবে ইরান।
একই সঙ্গে মক্কা প্যাক্টে বাংলাদেশের অন্তর্ভুক্তি নিয়েও তেহরানের কোনো আপত্তি নেই বলে জানান ইরানের রাষ্ট্রদূত।


