
নিজের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক উত্থাপিত অভিযোগের প্রমাণ জনসমক্ষে প্রকাশ করার দাবি জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এ বিষয়ে রাতে বিস্তারিত কথা বলবেন বলেও জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা বলেন আসিফ মাহমুদ।

এদিকে, অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়নের ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র আকতারুর ইসলাম।
নিজের ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘১৮৮ জন উপজেলা পর্যায়ের কর্মকর্তা থেকে ১ লাখ ৪৬ হাজার টাকা করে ২ কোটি ৭৬ লক্ষ টাকার দুর্নীতি করেছেন একজন উপদেষ্টা, একজন সচিব, একজন যুগ্মসচিব এবং একজন উপসচিবসহ আরও অনেকে মিলে। দুদক বলছে প্রমাণ পাওয়া গেছে। প্রমাণ জনগণের জন্য উন্মুক্ত করুন প্লিজ।’
তবে বুধবার রাতে আসিফ মাহমুদ এ বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলবেন নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বক্তব্য উপস্থাপন করবেন, সে বিষয়ে তিনি স্পষ্ট করে কিছু জানাননি।
তথ্যসূত্র: যমুনা টিভি



