জাতীয়
প্রধান খবর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি স্বাক্ষর

পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে বাংলাদেশ। নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় আলোচনার পর স্থানীয় সময় ২৫ সেপ্টেম্বর এ চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার বিএনপি মিডিয়া সেলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের পক্ষে প্রধানমন্ত্রীর বিজ্ঞান ও প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা রেহান আসাদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি, জ্বালানি ও পরিবেশবিষয়ক আন্ডার সেক্রেটারি জেকব হেলবার্গ চুক্তিতে সই করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯৮১ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, বর্তমান সমঝোতা সেই ধারাবাহিকতার অংশ।

এর আগে ২৪ সেপ্টেম্বর নিউইয়র্কে এক ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বেথানি পৌলোস মরিসন জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ এবং বোয়িংয়ের সঙ্গে বড় বাণিজ্যিক চুক্তির বিষয়টিও তুলে ধরেন তিনি।

মরিসন বলেন, দুই দেশের মধ্যে বেসামরিক পারমাণবিক শক্তির ব্যবহার নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে।

রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি চালানে বিলম্ব

যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু সহযোগিতার সমঝোতার খবরের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম জ্বালানি চালান পৌঁছানো নিয়ে সাময়িক অনিশ্চয়তা দেখা দিয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী গত বৃহস্পতিবার চালানটি ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও তা পাঠানো সম্ভব হয়নি।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন থাকলেও আকাশপথের ছাড়পত্র না পাওয়ায় চালানটি পাঠানো যায়নি।

তিনি বলেন, রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের লিয়াজোঁ কর্মকর্তা সংশ্লিষ্ট এলাকার আকাশপথ উন্মুক্ত না থাকার বিষয়টি নিশ্চিত করেন। এ কারণে ফ্লাইট বাতিল করতে হয়েছে। পরবর্তী সময়সূচি পরে নির্ধারণ করা হবে।

তবে কোন দেশের আকাশপথ ব্যবহার করতে না পারা বা কী ধরনের বাধার কারণে ফ্লাইটটি বিলম্বিত হয়েছে, সে বিষয়ে সরকারি পর্যায়ে বিস্তারিত জানানো হয়নি।

রূপপুর প্রকল্পের অগ্রগতি

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নে পদ্মা নদীর তীরে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। রাশিয়ার প্রযুক্তিগত সহায়তায় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের তত্ত্বাবধানে প্রকল্পটির কাজ এগিয়ে চলছে।

কেন্দ্রটির দুটি ইউনিটে তৃতীয় প্রজন্মের ‘ভিভিইআর-১২০০’ রিঅ্যাক্টর স্থাপন করা হচ্ছে। প্রতিটি ইউনিটের উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট; দুই ইউনিট মিলিয়ে মোট উৎপাদনক্ষমতা ২ হাজার ৪০০ মেগাওয়াট।

২০২৩ সালের অক্টোবরে প্রথম ইউনিটের জন্য ১৬৪টি নতুন জ্বালানি অ্যাসেম্বলি রাশিয়ার রসাটমের নোভোসিবির্স্ক কারখানা থেকে বিশেষ কার্গো বিমানে ঢাকায় আনা হয়।

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নজরদারিতে বিমানবন্দর থেকে প্রায় ৩০০ কিলোমিটার সুরক্ষিত ‘গ্রিন করিডর’ দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাহারায় জ্বালানি রূপপুর প্রকল্পে নেওয়া হয়েছিল।

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সমঝোতা এবং রাশিয়ার সহায়তায় রূপপুর প্রকল্পের অগ্রগতি-দুটি বিষয়ই বাংলাদেশের পারমাণবিক জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহার ও বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার সঙ্গে সম্পর্কিত।

তথ্যসূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button