
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) বেলা ২টার পর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল এবং অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
গত দুই-তিন দিন ধরে তাঁকে নিয়ে চলা আলোচনা প্রসঙ্গে ইশরাক বলেন, দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত খবরের কিছু অংশ সত্য, কিছু অংশ অতিরঞ্জিত। বিষয়টি নিয়ে কল্পকাহিনিও তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, তাঁকে লক্ষ্যবস্তু করে হেয় করা হয়েছে এবং এতে দলও বিব্রত হয়েছে।
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাম্প্রতিক ঘটনা নিয়ে ব্যাখ্যা দেবেন।
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শন নিয়ে ব্যাপক সমালোচনার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে এর আগে খবর প্রকাশিত হয়। তবে ইশরাক হোসেন তখন এ খবর সঠিক নয় বলে দাবি করেছিলেন।
সোমবার দুপুর ২টার দিকে বিপুলসংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হন ইশরাক। জনসমাগমের কারণে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হলে এ নিয়ে হট্টগোল হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।
তথ্যসূত্র: আজকের পত্রিকা


