জাতীয়

হাতিরঝিলে অভিযান: ৭০ কিশোর আটক

রাজধানীর হাতিরঝিল লেক ও লেকের আশপাশ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৭০ কিশোরকে আটক করা হয়েছে।

গতকাল বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা ও হাতিরঝিল থানা পুলিশের কাছ থেকে এমন তথ্য জানা গেছে। 

পুলিশ সদর দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ৫৫ কিশোরের মধ্যে ৩ জনের কাছে ইয়াবা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি গণ-উপদ্রব ও অহেতুক হইচই করার কারণে ১৬ জনের বিরুদ্ধে ডিএমপি অর্ডিন্যান্স অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবশিষ্ট ৩৬ জনকে শর্তসাপেক্ষে অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৬ জানুয়ারি পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং পরিচালিত বাংলাদেশ পুলিশের অফিশিয়াল ফেসবুক পেজে এক ব্যক্তি জানান, হাতিরঝিলে আসা ব্যক্তিদের কাউকে কাউকে কিশোরেরা হয়রানি করছে। এই অভিযোগের সূত্র ধরে ১৬ জন কিশোরকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।


এছাড়া গত বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত ইউনিফর্ম পুলিশ ও সাদাপোশাকধারী পুলিশ অভিযান চালায়। এ সময় থানা পুলিশের পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের দুই প্লাটুন ফোর্স এ অভিযানে অংশগ্রহণ করে। পুরো এলাকাকে পাঁচ ভাগে ভাগ করে ইউনিফর্ম ও সাদাপোশাক সমন্বয়ে পাঁচটি আলাদা টিম একসঙ্গে অভিযান চালায়। পুলিশ জানিয়েছে, ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


এদিকে গতকাল রাত ৮টায় দিকে হাতিরঝিল থানার ওসি মো. আব্দুর রশিদ জানান, গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আরো ১৫ জন কিশোরকে আটক করা হয়েছে। এছাড়া তাদের কাছ থেকে ১০টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button