দেশে চলমান বিধিনিষেধেও চলবে সরকারি-বেসরকারি অফিস

করোনা সংক্রমণ রোধে দেশে চলমান বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে চলবে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
বুধবার (১৬ জুন) করোনাকালীন বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ প্রজ্ঞাপন জারি করে।
এতদিন জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া সরকারি-বেসরকারি অফিস বন্ধ রাখার নির্দেশনা থাকলেও সীমিত পরিসরে তা চলছিল। সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিত পরিসরে সেবা দিচ্ছিল ব্যাংকগুলোও। বুধবার নতুন প্রজ্ঞাপনে করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সকল বিধিনিষেধ আরোপের সময়সীমা ১৬ জুন মধ্যরাত থেকে ১৫ জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় গত ৫ এপ্রিল সকাল ৬টা থেকে লকডাউন শুরু হয়। সেই শিথিল লকডাউন ছিল অনেকটাই অকার্যকর। সীমিত পরিসরে খোলা রাখা হয়েছিল অফিস।
পরে অফিস বন্ধ রেখে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়। পরে সাত দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ গত ৬ জুন বিধিনিষেধের মেয়াদ আরও ১০ দিন বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। সেই মেয়াদ শেষ হবে আজ মধ্যরাতে। এর মধ্যেই বিধিনিষেধের মেয়াদ আগামী ১৬ জুলাই পর্যন্ত বাড়ানো হলো।
