বিচারপতি নাজমুলের শ্রদ্ধায় বন্ধ সুপ্রিম কোর্টের কার্যক্রম

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সুপ্রিম কোর্টের কার্যক্রম বন্ধ রয়েছে। উভয় বিভাগে আজকের এ কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
রোববার সকালে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের প্রস্তাবে সর্বসম্মতিক্রমে এ আদেশ দেন প্রধান বিচারপতি। ফলে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আজ বন্ধ থাকবে।
শুক্রবার ৪ ফেব্রুয়ারি সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন এফ আর এম নাজমুল আহাসান মারা যান।
৯ জানুয়ারি নাজমুল আহাসানসহ চার বিচারপতি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওইদিনই তিন বিচারপতি শপথ নিলেও নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন। চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি তার অবসর গ্রহণের তারিখ ছিল।
এসএ


