সরকারকে এক মাস সময় দিয়ে কর্মবিরতির হুঁশিয়ারি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সরকারকে দাবি মেনে নেওয়ার জন্য এক মাস সময় দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছেন জোটের নেতারা।
বুধবার (১৩ আগস্ট) শিক্ষা উপদেষ্টা ও সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস ক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের মাঝে এ ঘোষণা দেন জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী। সচিবালয়ে যাওয়া শিক্ষকদের ১২ সদস্যের প্রতিনিধি দলের সদস্য ছিলেন তিনিও।
দেলাওয়ার হোসেন জানান, এক মাসের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। তাতেও সমাধান না এলে ১২ অক্টোবর থেকে প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ৫০% থেকে ৭৫% করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি চিকিৎসা ভাতা ৫০০ টাকা থেকে ১০০০ টাকায় উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। তবে সব দাবি একবারে পূরণ সম্ভব নয় বলে মন্ত্রণালয় জানিয়েছে। আমরা মূলত বাড়ি ভাড়া বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিয়েছি। যদি ডিউ লেটার অর্থ মন্ত্রণালয়ে না পাঠানো হয়, তবে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।



