নূরের উপর হামলায় আসিফ নজরুলের প্রতিবাদ, হাসনাত বললেন ‘ভণ্ডামি বাদ দেন’

উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুল। শুক্রবার রাত ১১টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “ভিপি নুরুল হক নূরের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

উপদেষ্টা আসিফ নজরুলের ফেসবুকে পোস্টে ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য।
তবে তার এই প্রতিবাদকে ভণ্ডামি আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ। তিনি মন্তব্যে লিখেছেন, “প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কিভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।”
এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নুরুল হক নূরসহ কয়েকজন আহত হন। রক্তাক্ত অবস্থায় নূরকে হাসপাতালে নেওয়া হয়। এর আগে সন্ধ্যায়ও একই স্থানে এক দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
