জাতীয়

ভ্রাম্যমাণ টয়লেট পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন ৩ কর্মকর্তা

ছবি: যুগান্তর

নতুন পাঁচটি ভ্রাম্যমাণ (ভিআইপি) টয়লেট পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে চীন যাচ্ছেন স্থানীয় সরকার বিভাগের তিন কর্মকর্তা।

স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত এক সরকারি আদেশে তাদের এ বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

গত ১৪ সেপ্টেম্বর জারি করা ওই আদেশ অনুযায়ী, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহকারী প্রোকৌশলী মোহাম্মদ নুরুজ্জামান এবং উপসহকারী প্রোকৌশলী মোহাম্মদ জাকির হোসেন এই সফরে অংশ নেবেন। তারা আগামী ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বর অথবা ছুটি শুরু হওয়ার তারিখ থেকে সাত দিনের জন্য চীন ভ্রমণে যাবেন।

আদেশে বলা হয়েছে, পাঁচটি নতুন মোবাইল টয়লেট সরবরাহের বিপরীতে তাদের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। এ ভ্রমণ দায়িত্বের অংশ হিসেবে গণ্য হবে এবং সব ব্যয় বহন করবে উৎপাদক প্রতিষ্ঠান শ্যাংডং কিউয়ানবাই ইন্টেলিজেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।

তবে প্রধান উপদেষ্টার কার্যালয় দীর্ঘদিন ধরে নির্দেশ দিয়ে আসছে, ঠিকাদার বা সরবরাহকারী প্রতিষ্ঠানের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে হবে।

এ ধরনের সফর নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button