
সংসদের অতীতের নেতিবাচক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৭ মার্চ) রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি (রুলস অব প্রসিডিউর), সংসদের রীতি-নীতি ও কনভেনশনসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্র চর্চা করা হয়, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও কথা বলা হয়েছে।
তিনি বলেন, “আশা করি আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে। মানুষ বলবে- এমন একটি সংসদই তারা দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচক সংস্কৃতি তৈরি হয়েছিল, সেগুলো আমরা মানুষের মন থেকে মুছে দিতে চাই।”
নতুন সংসদ সদস্যদের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, যারা প্রথমবার সংসদ সদস্য হয়েছেন তারা নতুনভাবে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে যদি কোনো খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো শিক্ষাই গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, “একটি শিশু যেমন জন্মের পর নতুন ও সতেজ সংস্কৃতি শেখে, ঠিক সেভাবেই নবীন সংসদ সদস্যদেরও প্রস্তুত করার চেষ্টা করছি।”
নতুন সংসদ সদস্যরা যাতে জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যেই এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধি-বিধান ও সংসদীয় আচরণবিধি বিষয়ে দুই দিনের এই প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়েছে। কর্মশালার শেষ দিনের সকালের সেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা এবং ফরিদপুর জেলা-এর সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের সেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সামনে রেখে নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যদের মাধ্যমে এমপিদের দায়িত্ব, সংসদীয় রেওয়াজ এবং মন্ত্রণালয় পরিচালনার কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছে এই কর্মশালায়।
সূত্র: ইত্তেফাক



