
ক্ষমতাসীন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সংসদীয় দলের বৈঠক শুরু হয়েছে। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করছেন।
বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়-এর পশ্চিম ব্লকে বৈঠকটি শুরু হয়।
জানা গেছে, বৈঠকে সরকারদলীয় সব সংসদ সদস্য এবং মন্ত্রিপরিষদের সিনিয়র সদস্যরা অংশ নিয়েছেন। সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর অগ্রগতি এবং নিজ নিজ সংসদীয় এলাকায় সাধারণ মানুষের সমস্যা সমাধানে সংসদ সদস্যদের আরও কীভাবে সম্পৃক্ত করা যায়-এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে।
বৈঠকে সংসদের পরবর্তী কার্যসূচি নিয়েও সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবারের পর দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি থাকবে। এরপর ১৫ মার্চ আবার সংসদ অধিবেশন বসবে। সেদিন অধিবেশন মুলতবি হওয়ার পর পুনরায় ২৯ মার্চ সংসদ বসার কথা রয়েছে।
বিএনপির নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবসেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করতে পারেন প্রবীণ রাজনীতিক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন.



