লাইফ সাপোর্টে সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ

সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমে। ফাইল ছবি
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ রাজধানীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।
রবিবার (২৮ সেপ্টেম্বর) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ঘনিষ্ঠ আত্মীয় আবুল খায়ের। তিনি জানান, তোফায়েল আহমেদ দীর্ঘদিন ধরে অসুস্থ। সম্প্রতি জ্বরে আক্রান্ত হওয়ার পর শরীর আরও দুর্বল হয়ে পড়ে। অবস্থার অবনতি ঘটলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং চিকিৎসকদের পরামর্শে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তোফায়েল আহমেদ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন। টানা নয়বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে সর্বশেষ ভোলা-১ আসনের প্রতিনিধিত্ব করেছেন তিনি। কয়েক বছর ধরে তিনি স্ট্রোকজনিত জটিলতা, স্মৃতিভ্রষ্টতা ও অন্যান্য শারীরিক সমস্যায় ভুগছিলেন। হুইলচেয়ারে চলাফেরা করতেন এবং ধীরে ধীরে শরীরের একাংশ প্যারালাইজড হয়ে পড়ে।
তার অসুস্থতার খবরে আওয়ামী লীগসহ রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন মহল থেকে তার দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে।



