
নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় আশিকুর রহমান (২৬) ও মুজাহিদুল ইসলাম সামিউল (৩০) নামে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) উপজেলার লিচুতলা-মাটিডালী দ্বিতীয় বাইপাস সড়কের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী আশিকুর রহমান বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের হলিদাবগা গ্রামের শহিদুল ইসলামের ছেলে। অপর নিহত ব্যবসায়ি মুজাহিদুল ইসলাম সামিউল গাবতলী উপজেলার স্বরধনকুটি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিক ইকবাল জানান, নিশ্চিন্তপুর চারমাথা এলাকায় সড়কের ওপর দুইজনের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, বিকালে ওই সড়কে মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। যানবাহনের ধাক্কায় তারা নিহত হয়েছেন, নাকি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে- এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আশিক ইকবাল বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



