প্রধান খবরবগুড়া জেলাশাজাহানপুর উপজেলা

বগুড়ায় শিয়ালের কামড়ে ৩০ জন আহত

বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নে গত শনিবার থেকে শিয়ালের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

গ্রামবাসী এলাকায় পাহারার ব্যবস্থা করেছে এবং অনেকেই লাঠি হাতে চলাচল করতে শুরু করেছে।

রাধানগর গ্রামের আব্দুস সালাম (৪২) বলেন, ‘শনিবার রাতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় হঠাৎ একটি শিয়াল এসে আমার ডান হাতে কামড় দিয়ে পালিয়ে যায়।’

পরের দিন তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জলাতঙ্ক টিকা নেন বলে জানান।

তিনি বলেন, ‘আমাদের এখানে যেমন শস্য খেত, সবজি খেত আছে, তেমনি আছে অনেক ঝোপঝাড়। কয়েক দশক ধরে এই এলাকায় প্রচুর শিয়ালের আনাগোনা হয়েছে।’

‘আগে অবশ্য শিয়াল কখনও কামড়ায়নি। কিন্তু এখন শিয়ালগুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না। তাই তারা মানুষের বাড়ি এসে পড়ে, মানুষকে কামড়ায়,’ বলেন তিনি।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, ‘শিয়াল সাধারণত ২ কারণে মানুষকে আক্রমণ করে। পর্যাপ্ত খাবার না পেলে বা আক্রমণের শিকার হলে এবং র‍্যাবিস ভাইরাসে আক্রান্ত হলে।’

তিনি বলেন, ‘পাগলা শিয়াল কাউকে কামড়ালে, তাকে জায়গাটা পরিষ্কার করতে হবে এবং ডাক্তারের কাছে গিয়ে জলাতঙ্ক টিকা নিতে হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button