
আজ ১৫ নভেম্বর, রেল দিবস। দেশের রেল যোগাযোগের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই দিনটি প্রতি বছর উদযাপন করা হয়। ১৮৬২ সালের ১৫ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা থেকে কুষ্টিয়ার জাগতি পর্যন্ত চালু হয় দেশের প্রথম ৫৩ কিলোমিটার ব্রডগেজ রেললাইন।
দীর্ঘ সময় এই দিনটি অযত্নে উপেক্ষিত থাকলেও, ২০২০ সাল থেকে রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ে আনুষ্ঠানিকভাবে রেল দিবস পালন শুরু করেছে।
উদযাপনের অংশ হিসেবে আজ বাংলাদেশ রেলওয়ে নানা কর্মসূচি গ্রহণ করেছে। রেলওয়ের টাস্কফোর্স কমিটির সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও ট্রেন পরিদর্শন করবেন। তারা স্টেশনগুলোর পরিবেশ, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার–পরিচ্ছন্নতা মূল্যায়ন করবেন।
এছাড়া বড় বড় স্টেশনগুলো ব্যানার ও ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। যাত্রীদের জন্য সচেতনতা ও নিরাপত্তা প্রচারণা চালানো হচ্ছে এবং রেলসেবার উন্নয়নের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তথ্যসূত্র: যমুনা টিভি



