বিশ্ব এইডস দিবস আজ, সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে রোগী শনাক্ত হওয়ায় উদ্বেগ

বিশ্বব্যাপী এইডস প্রতিরোধে সচেতনতা বাড়াতে আজ সোমবার পালিত হচ্ছে বিশ্ব এইডস দিবস। প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে। এ বছরের প্রতিপাদ্য— ‘চ্যালেঞ্জ পেরিয়ে, নতুনভাবে এইডস প্রতিরোধ গড়ে তোলা’— যা সাম্প্রতিক অর্থনৈতিক মন্দা, যুদ্ধ, জলবায়ু দুর্যোগ ও স্বাস্থ্যখাতে অর্থ সংকটের প্রভাবকে স্মরণ করিয়ে দেয়, একই সঙ্গে আগামীর শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থার সম্ভাবনাকেও সামনে আনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, রোগী শনাক্তের ভিত্তিতে ঢাকার পরেই রয়েছে রাজশাহী বিভাগ, এরপর চট্টগ্রাম। তবে সিরাজগঞ্জে অস্বাভাবিক হারে রোগী শনাক্ত হওয়ায় সেখানে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে। গত এক বছরে জেলাটিতে নতুন রোগীর সংখ্যা ১৪৪ জন, যাদের ৯৮ শতাংশই সুঁই-সিরিঞ্জ ব্যবহারকারী মাদকসেবী।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এইডস নিয়ন্ত্রণে তিনটি লক্ষ্য অর্জন জরুরি—
- জনগণের ৯৫ শতাংশকে প্রতিরোধ সম্পর্কে সচেতন করা
- শনাক্ত রোগীর ৯৫ শতাংশকে এআরটি সেন্টারের মাধ্যমে চিকিৎসায় আনা
- চিকিৎসাধীন ৯৫ শতাংশ রোগীর ভাইরাল লোড ৫০ কপি/মিলিলিটারের নিচে নামানো
এই তিন সূচক অর্জন করা গেলে রোগটির বিস্তার কার্যকরভাবে নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে বিশেষজ্ঞদের মত।
দেশে বর্তমানে অনুমিত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬০০। ১৯৮৯ থেকে ২০২২ সাল পর্যন্ত চিহ্নিত রোগীর সংখ্যা ৯ হাজার ৭০৮ এবং মৃত্যু ১ হাজার ৮২০ জন। প্রাদুর্ভাব হার এখনো ০.০১ শতাংশের কম থাকলেও ঝুঁকি পুরোপুরি কাটেনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি ৮ লাখ মানুষ এইচআইভি নিয়ে জীবনযাপন করছেন— যা অগ্রগতির পাশাপাশি সামনে থাকা চ্যালেঞ্জের কথাও তুলে ধরে।



