
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুরোধে অভিমান ভেঙে তিনি আবারও সাদা পোশাকের নেতৃত্ব গ্রহণ করেছেন। আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার দ্বিতীয় অধ্যায়।
শনিবার (১ নভেম্বর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শুধু আয়ারল্যান্ড সিরিজ নয়, ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রের জন্যই শান্তকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শান্ত নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের নাম আলোচনায় এলেও, বিসিবির প্রথম পছন্দ ছিলেন শান্তই। শেষ পর্যন্ত বোর্ড কর্মকর্তারা তাকে আবারও দায়িত্ব নিতে রাজি করাতে সক্ষম হন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শান্তর নেতৃত্বে পূর্ণ আস্থা প্রকাশ করে বলেন,
‘শান্ত টেস্ট ক্রিকেটে গভীর বোঝাপড়া, স্থিরতা ও দায়িত্ববোধ দেখিয়েছে। তার নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হয়ে উঠেছে। আমরা বিশ্বাস করি, নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল আরও শক্তিশালী হবে।’
পুনরায় দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয়। আমার ওপর যে আস্থা ও বিশ্বাস বিসিবি দেখিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ। এই দায়িত্ব যথাযথভাবে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব।’
এর আগে শান্তর নেতৃত্বে বাংলাদেশ ১৪টি টেস্ট খেলেছে—যেখানে ৪টি জয়, ৯টি হার ও ১টি ম্যাচ ড্র হয়েছিল।
তথ্যসূত্র: সমকাল



