খেলাধুলাফুটবল
প্রধান খবর

বেনজেমার দলবদলে ক্ষুব্ধ রোনালদো, আল নাসরের ম্যাচ বয়কট

বৈষম্যের অভিযোগ, আল হিলালের বিপুল খরচে ক্ষোভে ফুঁসছেন সিআর সেভেন

সাবেক দুই সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদো ও কারিম বেনজেমা সৌদি প্রো লিগে খেলছিলেন দুটি আলাদা দলে। তবে সবশেষ দলবদলে বেনজেমা ক্লাব পরিবর্তন করায় সৌদি প্রো লিগে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। এই দলবদলে ক্ষুব্ধ হয়ে আল নাসরের একটি ম্যাচই বয়কট করেছেন রোনালদো।

আল নাসর গতকাল আল রিয়াদের বিপক্ষে মাঠে নামে। সাদিও মানের গোলে ম্যাচটি জিতলেও সেই ম্যাচে অংশ নেননি ক্রিশ্চিয়ানো রোনালদো। অথচ তিনি পুরোপুরি ফিট ছিলেন।

রোনালদোর ম্যাচ না খেলার পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে তার বৈষম্যের অভিযোগ। রোনালদোর দাবি, সৌদি প্রো লিগে আল হিলালকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। পরিসংখ্যানও সেটাই বলছে। ২০২৩ সাল থেকে এখন পর্যন্ত আল হিলাল খেলোয়াড় দলে ভেড়াতে খরচ করেছে ৬২৪ মিলিয়ন ইউরো। একই সময়ে আল নাসরের ব্যয় ৪০৯ মিলিয়ন ইউরো।

দুই ক্লাবের মধ্যে এই ২১৫ মিলিয়ন ইউরোর ব্যবধানই রোনালদোর ক্ষোভের প্রধান কারণ। তার মতে, পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ায় আল নাসর প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। ক্লাবের বোর্ডের নিষ্ক্রিয়তাও তাকে হতাশ করেছে। এসব কারণে ক্ষোভে ফেটে পড়ে তিনি গতকালের ম্যাচে না খেলার সিদ্ধান্ত নেন।

অন্যদিকে, কারিম বেনজেমার পরিস্থিতিও ছিল বেশ তিক্ত। আল ইত্তিহাদের সঙ্গে অনুশীলন ও ম্যাচ খেলা বন্ধ করে দিয়েছিলেন তিনি। কারণ হিসেবে জানা গেছে, ক্লাবটির নতুন চুক্তির প্রস্তাবে তিনি মারাত্মকভাবে অসন্তুষ্ট হন। ইএসপিএনের তথ্যমতে, আগে আল ইত্তিহাদ থেকে প্রতি বছর তিনি ১৫ কোটি ডলার পারিশ্রমিক পেতেন। কিন্তু নতুন চুক্তিতে তাকে কার্যত ‘ফ্রি’তে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে বেনজেমা ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত আল হিলাল গত রাতে তাকে দলে ভেড়ায়, যা সৌদি প্রো লিগে নতুন করে আলোচনার ঝড় তুলেছে।

তথ্যসূত্র: যুগান্তর

এই বিভাগের অন্য খবর

Back to top button