ক্রিকেটখেলাধুলাপ্রধান খবর

পাকিস্তানের স্বপ্ন ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়া

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। অবিশ্বাস্য ও নাটকীয় এই জয়ে দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল অজিরা। ১৪ নভেম্বরের ফাইনালে অ্যারন ফিঞ্চের দল মুখোমুখি হবে নিউজিল্যান্ডের, যারা এবার প্রথম ফাইনালে উঠেছে। 

দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৬ রান জড়ো করে পাকিস্তান। দলের পক্ষে অর্ধশতক হাঁকান মোহাম্মদ রিজওয়ান ও ফখর জামান।

৫২ বলে ৬৭ রান করেন রিজওয়ান। ৩২ বলে ৫৫ রান করে অপরাজিত থাকেন ফখর। দুইজনই হাঁকান তিনটি করে চার ও চারটি করে ছক্কা। এছাড়া অধিনায়ক বাবর আজম ৩৪ বলে ৩৯ রান করেন, যার বদৌলতে উদ্বোধনী জুটিতে ৭১ রান পায় পাকিস্তান।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে অস্ট্রেলিয়াকে কাঙ্ক্ষিত সূচনা এনে দেন ডেভিড ওয়ার্নার। প্রথম ওভারেই অধিনায়ক অ্যারন ফিঞ্চ সাজঘরে ফিরলেও ওয়ার্নার দ্রুতগতিতে রান তুলতে থাকেন। দারুণ খেলতে থাকা মার্শ ২২ বলে ২৮ রান করলে সব দায়িত্ব বর্তায় ওয়ার্নারের কাঁধে।

তবে স্টিভ স্মিথের বিদায়ের পর আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে সাজঘরে ফিরতে হয় ওয়ার্নারকে। তার আগে ৩০ বলের মোকাবেলায় করেন ৪৯ রান, হাঁকান তিনটি করে চার-ছক্কা। দলীয় ৯৬ রানে গ্লেম ম্যাক্সওয়েলকে শিকার করলে পাকিস্তান ম্যাচের নিয়ন্ত্রণ মুঠোয় ভরে।

তবে পাকিস্তানের মুঠো থেকে সেই জয় ছিনিয়ে আনেন মার্কাস স্টয়নিস ও ম্যাথু ওয়েড। দুটি করে চার ছক্কায় ৩১ বলে ৪১ রান করা স্টয়নিস ওয়েডকে দেখিয়ে দেন জয়ের পথ। মাত্র ১৭ বলে ৪১ রান করে জয় এনে দেওয়ার মূল কাজ করেন ওয়েড। হাঁকান দুটি চার ও চারটি ছক্কা। অস্ট্রেলিয়া ফাইনাল নিশ্চিত করে এক ওভার হাতে রেখেই।

স্টয়নিস ও ওয়েডের ৮১ রানের পার্টনারশিপে ম্লান হয়ে যায় শাদাব খানের বোলিং। ৪ ওভার বল করে ২৬ রানের খরচায় শাদাব শিকার করেছিলেন চারটি উইকেট। তবে শেষপর্যন্ত পরাজিত দলে থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাকে।

সংক্ষিপ্ত স্কোর 

টস : অস্ট্রেলিয়া

পাকিস্তান : ১৭৬/৪ (২০ ওভার)
রিজওয়ান ৬৭, ফখর ৫৫*, বাবর ৩৯,
স্টার্ক ৩৮/২, জাম্পা ২২/১, কামিন্স ৩০/১

অস্ট্রেলিয়া : ১৭৭/৫ (১৯ ওভার)
ওয়ার্নার ৪৯, ওয়েড ৪১*, স্টয়নিস ৪০*
শাদাব ২৬/৪, শাহীন ৩৫/১

ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।

এই বিভাগের অন্য খবর

Back to top button