
ক্রিকেটারদের বয়কটের কারণে স্থগিত হয়ে যাওয়া বিপিএলের ঢাকা পর্বের দুটি ম্যাচ আজ (শুক্রবার) অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, যারা ১৬ জানুয়ারির নির্ধারিত ম্যাচগুলোর টিকিট সংগ্রহ করেছিলেন, তারা সেই টিকিট দিয়েই আজ খেলা দেখতে পারবেন।
বিসিবির এক বিবৃতিতে বলা হয়, আজ দুপুর ২টায় চট্টগ্রাম রয়ালস ও নোয়াখালী এক্সপ্রেস এবং সন্ধ্যা ৭টায় রাজশাহী ওয়ারিয়র্স ও সিলেট টাইটান্স মুখোমুখি হবে। এই দুটি ম্যাচ মূলত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে মাঠে গড়ায়নি।
বিপিএলের ঢাকা পর্ব বৃহস্পতিবার শুরু হওয়ার কথা ছিল। তবে দিনভর নাটকীয় পরিস্থিতি ও ক্রিকেটারদের খেলা বর্জনের সিদ্ধান্তে দুটি ম্যাচই স্থগিত হয়। রাতে আলোচনার মাধ্যমে সমাধান হওয়ায় আজ থেকে মাঠে ফিরতে রাজি হন ক্রিকেটাররা।
গতকাল খেলা দেখতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হাজির হয়েছিলেন প্রায় হাজারখানেক দর্শক। ম্যাচ না হওয়ায় ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের বাইরে ভাঙচুর করেন। তবে বিসিবির সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে দর্শকদের মধ্যে-গতকালের টিকিট দিয়েই আজ ম্যাচ উপভোগ করতে পারবেন তারা।
সূচি পরিবর্তনের অংশ হিসেবে আজ ও আগামীকাল (শনিবার) অনুষ্ঠিতব্য ম্যাচগুলোও একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৬ জানুয়ারির ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৭ জানুয়ারি এবং ১৭ জানুয়ারির ম্যাচগুলো মাঠে গড়াবে ১৮ জানুয়ারি। ওই দিনই শেষ হবে লিগপর্ব।
প্লে-অফের সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। লিগপর্ব শেষে একদিন বিরতি রাখতে ১৯ জানুয়ারির দুটি প্লে-অফ ম্যাচ অনুষ্ঠিত হবে ২০ জানুয়ারি। তবে ২১ জানুয়ারিতে নির্ধারিত দ্বিতীয় কোয়ালিফায়ার অপরিবর্তিত থাকবে। সবশেষ ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের দ্বাদশ আসরের ফাইনাল।
এদিকে টিকিটের অর্থ ফেরত সংক্রান্ত বিষয়ে বিসিবি জানিয়েছে, যারা ১৫ জানুয়ারির নির্ধারিত ম্যাচের টিকিট সংগ্রহ করেছিলেন, তারা অর্থ ফেরত পাবেন। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে টিকিট কাটা দর্শকরা একই প্ল্যাটফর্ম থেকে রিফান্ড পাবেন। প্রয়োজনে +৮৮০ ৯৬০৬-৫০১২৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
তথ্যসূত্র: বণিক বার্তা



