
জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে গঠিত স্বাধীন তদন্ত কমিটির প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত ২ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদনটি বিসিবি সভাপতির কাছে হস্তান্তর করা হয়। বুধবার (৪ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহানারা আলমের উত্থাপিত অভিযোগগুলোর মধ্যে কয়েকটির প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। বিশেষ করে জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানির অভিযোগের প্রমাণ মিলেছে।
জাহানারা আলম মোট চারটি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্তে চারটির মধ্যে দুটি অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই দুটি অভিযোগই সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মঞ্জুরুল ইসলামের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী ‘অসদাচরণ’ ও ‘যৌন হয়রানি’র আওতায় পড়ে।
প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিসিবির নিজস্ব নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তথ্যসূত্র: বাংলাদেশ প্রতিদিন



