
বাংলাদেশ খেলতে না চাওয়ায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপপর্বের তিনটি ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে দেখা যাবে না। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর পর তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি।
বাংলাদেশের অনুপস্থিতির কারণে ইডেনে দর্শকসংখ্যা কমে যাওয়ার আশঙ্কা আগে থেকেই ছিল, আর সেটিই এখন বাস্তবে রূপ নিচ্ছে। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, টিকিট কাউন্টারের সামনে চার-পাঁচজনের বেশি মানুষ চোখে পড়েনি। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে থাকা অফলাইন টিকিট স্টলেও একসঙ্গে সর্বোচ্চ ছয়জন দর্শককে দেখা গেছে।
টিকিট বিক্রি হতাশাজনক
৬৫ হাজার দর্শক ধারণক্ষমতার ইডেন গার্ডেন্সে এখন পর্যন্ত সব ম্যাচ মিলিয়ে মাত্র ২১ হাজার টিকিট বিক্রি হয়েছে। গ্রুপপর্বের বিভিন্ন ম্যাচে টিকিট বিক্রির চিত্র-
- ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড: ২,৯১৭
- স্কটল্যান্ড বনাম ইতালি: ৩৪৮
- ইংল্যান্ড বনাম স্কটল্যান্ড: ২,০৭৫
- ইংল্যান্ড বনাম ইতালি: ৪,৯৭০
- ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালি: ১,২৪৮
এ ছাড়া সুপার এইট ও সেমিফাইনাল মিলিয়ে বিক্রি হয়েছে প্রায় ৯ হাজার টিকিট।
গ্রুপপর্বে ভারতের কোনো ম্যাচ না থাকায় দর্শকদের আগ্রহ আরও কমে গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আর্থিক ক্ষতির শঙ্কা নেই সিএবির
দর্শকসংখ্যা কম হলেও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) আর্থিক ক্ষতির মুখে পড়ছে না। আয়োজকরা জানিয়েছেন, মূল ম্যাচ থেকে প্রাপ্ত আয় দিয়েই খরচ মিটিয়ে নেওয়া সম্ভব হচ্ছে। সে কারণে দর্শক টানতে অতিরিক্ত কোনো প্রচারণাও চালানো হচ্ছে না।
বিশ্বকাপ ঘিরে শহরে তেমন উত্তেজনা না থাকলেও ঘরোয়া লিগের ম্যাচ নিয়ে আলোচনা তুলনামূলক বেশি।
দলগুলোর প্রস্তুতি
ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড দল আজই কলকাতায় পৌঁছেছে। শুক্রবার তারা অনুশীলনে নামবে এবং আগামী রোববার মাঠে গড়াবে তাদের ম্যাচ। প্রথম ম্যাচেই স্কটল্যান্ড কোনো চমক দেখাতে পারে কি না-এটাই এখন দেখার বিষয়।
তথ্যসূত্র: যুগান্তর



