
১৯৭ রানের লক্ষ্যটা সহজ ছিল না। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ১৬৬ রানে থেমে গেছে ইংল্যান্ড। ১৯ ওভারে ইংলিশদের অলআউট করে ৩০ রানের দাপুটে জয় তুলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
দুই ম্যাচের দুটিতেই জিতে ‘সি’ গ্রুপের শীর্ষে উঠে গেছে ক্যারিবীয়রা। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড রয়েছে তিন নম্বরে। নেট রান রেটে এগিয়ে থাকায় সমান ২ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড আছে দ্বিতীয় স্থানে।
ভালো শুরু, কিন্তু ভাঙন মাঝপথে
রান তাড়ায় ইংল্যান্ডের শুরুটা ছিল আশাব্যঞ্জক। ৬.৩ ওভারে ১ উইকেটে ৭৪ রান তুলে ফেলে দলটি। কিন্তু রোস্টন চেজ জস বাটলারকে ফেরাতেই বদলে যায় ম্যাচের চিত্র।
মাত্র ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে গতি হারায় ইংল্যান্ড। এরপর রান বাড়ানোর চেষ্টায় নিয়মিত উইকেট হারাতে থাকে তারা।
ওয়েস্ট ইন্ডিজের তিন স্পিনার-আকিল হোসেন, রোস্টন চেজ ও গুড়াকেশ মোতি—মিলে নেন ৬ উইকেট। মোতি একাই নেন ৩টি উইকেট। পেসার রোমারিও শেফার্ড ও শামার জোসেফ নেন ১টি করে উইকেট।
ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করে অপরাজিত ছিলেন স্যাম কারেন।
শেষ ১০ ওভারে ক্যারিবীয় ঝড়
এর আগে ব্যাট করতে নেমে শেরফান রাদারফোর্ড ও জেসন হোল্ডারের ঝড়ো ইনিংসে ১৯৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
৪২ বলে ৭৬ রান করে অপরাজিত থাকেন রাদারফোর্ড। হোল্ডার ১৭ বলে করেন ৩৩ রান। শেষ ১০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তোলে ১১৭ রান-যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
সংক্ষিপ্ত স্কোর
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৯৬/৬
(রাদারফোর্ড ৭৬*, চেজ ৩৪, হোল্ডার ৩৩, হেটমায়ার ২৩; রশিদ ২/১৬, ওভারটন ২/৩৩)
ইংল্যান্ড: ১৯ ওভারে ১৬৬
(কারেন ৪৩*, বেথেল ৩৩, সল্ট ৩০; মোতি ৩/৩৩, চেজ ২/২৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩০ রানে জয়ী
ম্যান অব দ্য ম্যাচ: শেরফান রাদারফোর্ড



