ক্রিকেট
প্রধান খবর

পিএসএল খেলতে ৫ বাংলাদেশি ক্রিকেটারকে এনওসি দিল বিসিবি

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ২০২৬ আসরে অংশ নিতে বাংলাদেশ দলের পাঁচ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দীর্ঘ আলোচনার পর নিশ্চিত হওয়া গেছে, মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাহিদ রানা, পারভেজ হোসেন ইমন ও শরিফুল ইসলাম-এই পাঁচ ক্রিকেটারই পিএসএলে খেলতে পারবেন।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ক্রিকেটারদের নির্দিষ্ট সময়ের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে। তারা আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে অংশ নিতে পারবেন। এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল-এর বিপক্ষে আসন্ন সিরিজকে সামনে রেখে তাদের দেশে ফিরতে হবে।

এবারের আসরে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্স দলে নিয়েছে বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। একই দলে খেলবেন পারভেজ হোসেন ইমনও। অন্যদিকে, রিশাদ হোসেন খেলবেন রাওয়ালপিন্ডি দল-এর হয়ে।

পেশোয়ার জালমি দলে জায়গা পেয়েছেন নাহিদ রানা ও সদ্য ডাক পাওয়া শরিফুল ইসলাম।

বর্তমানে আন্তর্জাতিক ব্যস্ততা না থাকায় ঈদের ছুটিতে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ থাকায় পিএসএলে তাদের অংশগ্রহণের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

আগামী ২৬ মার্চ শুরু হবে পিএসএলের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার সম্ভাবনা রয়েছে মুস্তাফিজ ও ইমনের। আর ২৮ মার্চ প্রথম ম্যাচ খেলবেন রিশাদ, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

সূত্র: কালের কণ্ঠ

এই বিভাগের অন্য খবর

Back to top button