ক্রিকেট
প্রধান খবর

পিএসএল খেলতে পাকিস্তানের পথে চার বাংলাদেশি ক্রিকেটার

পাকিস্তান সুপার লিগ (পিএসএল)-এর একাদশ আসর শুরু হচ্ছে আগামী ২৬ মার্চ। এবারের আসরে অংশ নিতে বাংলাদেশের ছয় ক্রিকেটার বিভিন্ন দলে সুযোগ পেয়েছেন।

এর মধ্যে চার ক্রিকেটার সোমবার সকালে দেশ ছেড়েছেন। তারা হলেন মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং নাহিদ রানা। অপর দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম পরে যোগ দেবেন।

এবার সরাসরি চুক্তিতে মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। নিলামের মাধ্যমে দল পেয়েছেন রিশাদ হোসেন, নাহিদ রানা ও পারভেজ হোসেন ইমন।

পরবর্তীতে প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম ও তানজিদ তামিম। সবকিছু ঠিক থাকলে পেশোয়ার জালমি-তে নাহিদ রানার সঙ্গে খেলতে দেখা যাবে শরিফুল ইসলাম ও তানজিদ তামিমকে।

এ ছাড়া মুস্তাফিজুর রহমান ও পারভেজ হোসেন ইমন খেলবেন লাহোর কালান্দার্সে এবং রিশাদ হোসেন জার্সি গায়ে তুলবেন পিন্ডিজ (রাওয়ালপিন্ডি)-এর।

বাংলাদেশের ছয় ক্রিকেটার আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএলে খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন।

এদিকে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে। সেই সিরিজে অংশ নিতে পিএসএল শেষ হওয়ার আগেই দেশে ফিরতে হতে পারে বাংলাদেশি ক্রিকেটারদের।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button