ক্রিকেট
প্রধান খবর

রাজস্থান রয়্যালস বিক্রি: শত কোটি টাকার শেয়ার পাচ্ছে শেন ওয়ার্নের পরিবার

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রথম মৌসুমের শিরোপা জিতেছিল রাজস্থান রয়্যালস। সেই দলটির অধিনায়ক ছিলেন কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। আইপিএলের প্রথম আসরের সেই শিরোপাজয়ী দলটির মালিকানা বিক্রির ফলে বড় অঙ্কের অর্থ পেতে যাচ্ছে তাঁর পরিবার।

আইপিএলের শুরুতে রাজস্থানের অধিনায়ক হওয়ার পাশাপাশি ক্রিকেট পরিচালনার পূর্ণ দায়িত্বও পেয়েছিলেন ওয়ার্ন। চুক্তির অংশ হিসেবে তিনি একটি বিশেষ শর্ত যুক্ত করেছিলেন। সেই চুক্তি অনুযায়ী, যত বছর তিনি রাজস্থানের হয়ে খেলবেন, প্রতি মৌসুমের জন্য ০.৭৫ শতাংশ মালিকানা পাবেন।

রাজস্থানের হয়ে চার মৌসুম খেলেছিলেন ওয়ার্ন। ফলে তাঁর মোট শেয়ার দাঁড়ায় ৩ শতাংশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক এক কনসোর্টিয়ামের কাছে প্রায় ১.৬৩ বিলিয়ন ডলারে (প্রায় ১৫ হাজার ২৯০ কোটি টাকা) বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। এই হিসাবে ওয়ার্নের ৩ শতাংশ শেয়ারের বর্তমান মূল্য দাঁড়িয়েছে আনুমানিক ৪৫০ থেকে ৪৬০ কোটি টাকা।

ওয়ার্নের পরিবার আইপিএলের এবারের মৌসুম শেষে এই শেয়ার বিক্রি করে অর্থ গ্রহণ করতে পারবে। তবে এর জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড-এর অনুমোদন প্রয়োজন হবে।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে ২০২২ সালের ৪ মার্চ থাইল্যান্ডে মারা যান শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা স্পিনার যে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও দূরদর্শী ছিলেন-প্রায় দুই দশক আগে রাজস্থানের সঙ্গে করা চুক্তিটিই তার বড় প্রমাণ। তাঁর মৃত্যুর পরও সেই চুক্তির কারণেই শত কোটি টাকার আর্থিক সুবিধা পেতে যাচ্ছে তাঁর পরিবার।

২০০৮ সালে মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনেছিল এমার্জিং মিডিয়া গ্রুপ, যার নেতৃত্বে ছিলেন মনোজ বাদালে।

সূত্র: আজকের পত্রিকা

এই বিভাগের অন্য খবর

Back to top button