ক্রিকেট
প্রধান খবর

রেকর্ড দামে বিক্রি হলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

আইপিএল শুরুর ঠিক আগে বড় চমক দেখাল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মঙ্গলবার ইতিহাস গড়া দামে বেঙ্গালুরুর মালিকানা বদল হয়েছে। রেকর্ড দামে বিরাট কোহলি-র দলটি কিনে নিয়েছে ভারতের আদিত্য বিড়লা গোষ্ঠী-এর নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম। এখন থেকে বেঙ্গালুরুর আইপিএল (পুরুষ) ও উইমেন্স প্রিমিয়ার লিগ (নারী)-উভয় দলের শতভাগ মালিক হবে এই জোট।

বেঙ্গালুরুর বর্তমান মালিক ইউনাইটেড স্পিরিটস লিমিটেড এক ঘোষণায় জানায়, তাদের পরিচালনা পর্ষদ আদিত্য বিড়লা গোষ্ঠীর নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের কাছে ফ্র্যাঞ্চাইজি বিক্রির অনুমোদন দিয়েছে। এই কনসোর্টিয়ামে যুক্ত রয়েছে মার্কিন ক্রীড়া বিনিয়োগকারী ডেভিড ব্লিটজার, বিনিয়োগ সংস্থা ব্ল্যাকস্টোন এবং টাইমস গ্রুপ।

প্রায় ১.৭৮ বিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকায় বেঙ্গালুরুর শতভাগ মালিকানা বিক্রি হয়েছে। ২০২৬ সালের আসরের পর থেকে নতুন মালিকপক্ষ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবে।

এতদিন বেঙ্গালুরুর মালিক ছিল ব্রিটিশ প্রতিষ্ঠান দিয়াজিও। তাদের ভারতীয় সহযোগী ইউনাইটেড স্পিরিটসের মাধ্যমে দলের সব কার্যক্রম পরিচালিত হতো।

এর আগে ২০০৮ সালে বিজয় মালিয়া-র ইউনাইটেড ব্রুয়ারিজ ১১১ দশমিক ৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই সময়ে আটটি দলের মধ্যে বেঙ্গালুরু ছিল দ্বিতীয় সর্বোচ্চ দামি দল। দীর্ঘ ১৮ বছর পর বেঙ্গালুরুর দাম বেড়েছে প্রায় ১৪৯৫ শতাংশ।

২০২১ সালে আইপিএলের নতুন দুই দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও গুজরাট টাইটানস-কে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রায় ১.৬৯ বিলিয়ন ডলারে বিক্রি করেছিল। বেঙ্গালুরুর বর্তমান দাম সেই দুই দলের মিলিত দামকেও ছাড়িয়ে গেছে।

নতুন মালিকানার অধীনে বেঙ্গালুরুর চেয়ারম্যান হচ্ছেন আদিত্য বিড়লা গোষ্ঠীর পরিচালক আর্যমান বিক্রম বিড়লা এবং ভাইস চেয়ারম্যান হচ্ছেন টাইমস গোষ্ঠীর সত্যন গজওয়ানি।

এর আগে একই দিনে রাজস্থান রয়্যালস-এর মালিকানা বিক্রির খবরও প্রকাশ্যে আসে। মার্কিন ব্যবসায়ী কাল সোমানি-র নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম প্রায় ১৫ হাজার ২৮৫ কোটি টাকায় দলটির শতভাগ মালিকানা কিনে নিয়েছে।

সূত্র: বিডি-প্রতিদিন

এই বিভাগের অন্য খবর

Back to top button