
ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সাবেক উইকেটকিপার সারাহ টেইলরকে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ইংল্যান্ড পুরুষ দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়মিত ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে কাজ করায় তার পরিবর্তে স্বল্পমেয়াদে দায়িত্ব পালন করবেন টেইলর।
ইংল্যান্ড পুরুষ দলের ক্রিকেট পরিচালক রব কি বুধবার নিউজিল্যান্ড সিরিজের টেস্ট স্কোয়াড ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেন। এর মাধ্যমে নতুন ইতিহাস গড়লেন সারাহ টেইলর। ধারণা করা হচ্ছে, ইংল্যান্ড পুরুষদের সিনিয়র আন্তর্জাতিক দলে প্রথম নারী কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন তিনি।
খেলোয়াড়ি জীবনে সারাহ টেইলর নারী-পুরুষ মিলিয়ে বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে পরিচিত ছিলেন। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে সব সংস্করণ মিলিয়ে ২২৬টি ম্যাচ খেলেছেন তিনি। ২০১৭ সালের নারী বিশ্বকাপ জয়ে দলের গুরুত্বপূর্ণ সদস্যও ছিলেন।
অবসরের পর কোচিংয়েও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন টেইলর। এর আগে তিনি সাসেক্স ও ম্যানচেস্টার অরিজিনালসের মতো পুরুষদের দলেও কাজ করেছেন।
রব কি বলেন, “সে তার কাজে সেরাদের একজন। অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে অনেক কাজ করেছে এবং তারা সবাই তার ব্যাপারে দারুণ প্রশংসা করেছে।”
সর্বশেষ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের দুর্বল ফিল্ডিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। পুরো সিরিজে দলটি ১১টি ক্যাচ ছেড়েছিল এবং বিশেষজ্ঞ ফিল্ডিং কোচ ছাড়া সফরে যাওয়ার সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ হয়।
অ্যাশেজের পর কার্ল হপকিনসনকে আবার ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হলেও আইপিএল ব্যস্ততার কারণে এবার দায়িত্ব পাচ্ছেন সারাহ টেইলর।
রব কি আরও বলেন, “আমরা তার কাজের ধরণে ভীষণ মুগ্ধ। বর্তমান ক্রিকেট সূচির কারণে কার্ল হপকিনসনের মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দায়িত্ব রয়েছে। তাই এই সিরিজে আমরা সারাহ টেইলরকে দায়িত্ব দিচ্ছি।”
তথ্যসূত্র: ইএসপিএন

