
ওয়ানডে সিরিজে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়ালেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা জয় দিয়েই করল অস্ট্রেলিয়া। প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের দেওয়া ১৩২ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় সফরকারীরা।
বুধবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানেই অলআউট হয়ে যায় টাইগাররা।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন মেহেদি হাসান। ২২ বলের ইনিংসে তিনি মারেন চারটি বাউন্ডারি। এছাড়া সাইফ হাসান করেন ২০ রান। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস তিনটি করে উইকেট নেন। দুটি উইকেট শিকার করেন ম্যাট রেনশ।
১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ১৩ রানে প্রথম এবং ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারালেও দ্রুত ঘুরে দাঁড়ায় তারা। জশ ইংলিসকে বোল্ড করেন শরিফুল ইসলাম, আর মিচেল মার্শ ফেরেন মোস্তাফিজুর রহমান-এর বলে।
তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড ৪০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ফিফটির খুব কাছে পৌঁছে ২৭ বলে ৪৭ রান করে আউট হন কনোলি। তার ইনিংসে ছিল চারটি চার ও তিনটি ছক্কা। তাকে ফেরান টি-টোয়েন্টি অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন।
এরপর টিম ডেভিড ১৬ বলে ২০ রান করে আউট হন মেহেদি হাসানের বলে। তবে মাঝের ধাক্কা সামলে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে অস্ট্রেলিয়া। নিখিল চৌধুরী ও ম্যাট রেনশ গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান।
শেষদিকে ২৮ বলে ১৮ রান করে আউট হন রেনশ। তবে আট নম্বরে নেমে জেভিয়ার বার্টলেট বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল হাতে রেখেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
তথ্যসূত্র: যুগান্তর