ক্রিকেট
প্রধান খবর

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরানের মৃত্যু

বিরল রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস, শোকে আফগান ক্রিকেট

আফগানিস্তানের সাবেক পেসার শাপুর জাদরান আর নেই। বিরল হেমোফ্যাগোসাইটিক লিম্ফোহিস্টিওসাইটোসিস (এইচএলএইচ) রোগে আক্রান্ত হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৭ জুলাই) মৃত্যুবরণ করেছেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

জাদরানের ছোট ভাই ঘামাই জাদরান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তাকে দিল্লিতে নেওয়া হয়েছিল।

আফগান ক্রিকেটের উত্থানে গুরুত্বপূর্ণ অবদান রাখা শাপুর জাদরানের আন্তর্জাতিক অভিষেক হয় ২০০৯ সালে। দেশের হয়ে তিনি ৪৪টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট উইকেট সংখ্যা ৮০।

২০১৫ সালের বিশ্বকাপ ছিল জাদরানের ক্যারিয়ারের সেরা আসর। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে তিনি ১০টি উইকেট শিকার করেন, যা ওই টুর্নামেন্টে আফগানিস্তানের কোনো বোলারের সর্বোচ্চ উইকেট সংগ্রহ।

এ ছাড়া ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে টানা চারটি টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেন তিনি।

বাংলাদেশের বিপক্ষেও ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন শাপুর জাদরান। এছাড়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এও অংশ নিয়েছিলেন এই বাঁহাতি পেসার।

জাদরানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

ছবি: ফেসবুক থেকে

এক বিবৃতিতে বোর্ড জানায়, “মাঠের সাফল্যের বাইরেও শাপুর জাদরান ছিলেন বহু তরুণ আফগান ক্রিকেটার এবং বিশ্বজুড়ে অসংখ্য ভক্তের জন্য অনুপ্রেরণার নাম। তার লড়াকু মানসিকতা, দৃঢ় সংকল্প এবং ক্রিকেটের প্রতি ভালোবাসা একটি পুরো প্রজন্মকে বড় স্বপ্ন দেখতে এবং আফগান ক্রিকেটের ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখতে উৎসাহিত করেছে।”

তথ্যসূত্র: প্রথম আলো

এই বিভাগের অন্য খবর

Back to top button