ক্রিকেট
প্রধান খবর

অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আসন্ন অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেছেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ পেসার নাহিদ রানা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পরীক্ষা-নিরীক্ষায় নাহিদের সাইড স্ট্রেইনের গ্রেড-২ ইনজুরি ধরা পড়েছে। এই চোট থেকে সেরে উঠতে অন্তত দুই মাস মাঠের বাইরে থাকতে হবে ২৩ বছর বয়সী এই গতিতারকাকে।

বিসিবির মেডিকেল বিভাগের তথ্য অনুযায়ী, চোট সারতে প্রাথমিকভাবে প্রায় এক মাস সময় লাগবে। এরপর পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়া সম্পন্ন করে পুরোপুরি ম্যাচ ফিট হতে আরও এক মাস বা তার বেশি সময় প্রয়োজন হবে। এরই মধ্যে নাহিদের বিস্তারিত মেডিকেল রিপোর্ট বিসিবির কাছে পাঠানো হয়েছে।

তবে শুধু নাহিদই নন, অস্ট্রেলিয়া সফরের আগে দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ দল। ইনজুরিতে থাকা লিটন দাস ও শরিফুল ইসলাম এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। পুনর্বাসন শেষে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই তারা দলে জায়গা ধরে রাখতে পারবেন।

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় সাইড স্ট্রেইনের চোটে পড়েন নাহিদ রানা। ইনজুরির কারণে নিজের নির্ধারিত বোলিং কোটা শেষ না করেই মাঠ ছাড়তে হয় তাকে। পরে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারেননি তিনি।

দেশে ফিরে মেডিকেল পরীক্ষা-নিরীক্ষার পর তার গ্রেড-২ সাইড স্ট্রেইনের বিষয়টি নিশ্চিত হয়।

এদিকে জিম্বাবুয়ে সফর থেকেই চোট নিয়ে দেশে ফেরেন আরেক পেসার শরিফুল ইসলাম। অন্যদিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েন অধিনায়ক লিটন দাস। ফলে অস্ট্রেলিয়া সফরের আগে একাধিক গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ফিটনেস নিয়ে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ দল।

এই বিভাগের অন্য খবর

Back to top button