
তিন দিনের প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইনিংস ও ৩৮ রানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয়েছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশের ১০ জন ব্যাটারই এক অঙ্কের রান করেছেন।
শনিবার (৮ আগস্ট) ডারউইনে আগের দিনের ২ উইকেটে ১৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। স্কোরবোর্ডে আরও ৯ রান যোগ হওয়ার পর সৌম্য সরকার ৫ রান করে বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসনের বলে আউট হন। এরপর দ্রুতই ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ।
মাত্র ২৬ রান যোগ করতেই পরের ৭ উইকেট হারিয়ে ৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। মুশফিকুর রহিম করেন ২ রান, অমিত ৪, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেরেন কোনো রান না করেই। মেহেদী হাসান মিরাজ করেন ৬ রান।
বল হাতে বাংলাদেশের ব্যাটারদের জন্য ত্রাস হয়ে ওঠেন অস্ট্রেলিয়া একাদশের বাঁহাতি পেসার ক্যাম্পবেল থম্পসন। ২৫ রান খরচ করে ৮টি উইকেট শিকার করেন তিনি।
এর আগে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরির সুবাদে প্রথম ইনিংসে ২৬৩ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। জবাবে অস্ট্রেলিয়া একাদশ প্রথম ইনিংসে ৩৫৫ রান করে। ফলে প্রথম ইনিংসেই বড় ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ।
শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হওয়ায় ইনিংস ও ৩৮ রানের ব্যবধানে ম্যাচ হারে শান্তর দল।
এদিকে প্রস্তুতি ম্যাচ শেষে আগামী বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
তথ্যসূত্র: যমুনা টিভি