ক্রিকেটখেলাধুলা

অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস

ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ক্রিস মরিস। সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে ৩৪ বছর বয়সী তারকা বলেন, ঘরোয়া দল টাইটান্সের কোচের প্রস্তাব গ্রহণ করেছেন তিনি।

ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে মরিস ক্যাপশনে লেখেন, ‘বড় কিংবা ছোট, আমার এই যাত্রায় যারা ভূমিকা রেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। এটা ছিল মজার একটি পথচলা।’

তিন ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৯ ম্যাচ খেলে মরিস ৯৪ উইকেট নেন। লোয়ার অর্ডারে ছিলেন প্রতিভাবান হিটার, যদিও তার প্রতিভা কাজে লাগিয়ে ব্যাটিংয়ে বড় অবদান রাখতে পারেননি। সব মিলিয়ে তার আন্তর্জাতিক রান ৭৭৪।

ক্রিকেটে বেশ দেরিতেই পা রেখেছিলেন মরিস। ২০০৯ সালে ২২ বছর বয়সে নর্থ ওয়েস্টের হয়ে প্রথম শ্রেণিতে অভিষেক। ২০১১-১২ মৌসুমে তাদের শীর্ষস্থানীয় বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ওই মৌসুমে ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় ২১ উইকেট নিয়ে ছিলেন শীর্ষ বোলার।

২০১২ সালে বর্তমানে বিলুপ্ত চ্যাম্পিয়নস লিগে তার ফ্র্যাঞ্চাইজি লায়ন্সকে ফাইনালে তুলতে ভূমিকা রাখেন। একই সঙ্গে খুলে যায় আন্তর্জাতিক টি-টোয়েন্টির দরজা। ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পান।

একই বছরের আইপিএল নিলামে চেন্নাই সুপার কিংস মরিসৃকে কিনে নেয় সাড়ে ৬ লাখ মার্কিন ডলারে। পরে টুর্নামেন্ট খেলেছেন দিল্লি ডেয়ারডেভিলস (২০১৬) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (২০২০)। গত বছর তো রেকর্ডই গড়ে ফেললেন। টুর্নামেন্টের নিলাম ইতিহাসে সবচেয়ে বেশি সোয়া ১৬ কোটি রুপিতে তাকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

এই বিভাগের অন্য খবর

Back to top button