ক্রিকেটখেলাধুলা

বিপিএল-এ তিন আসরের সূচি চূড়ান্ত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সময়টা প্রতিনিয়তই পরিবর্তন হয়েছে। জাতীয় দলের ব্যস্ততা ও নানা কারণে বিপিএলের দিনক্ষণ পরিবর্তন করতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবিকে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে জনপ্রিয় এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। তবে বছরের নির্দিষ্ট একটা সময়ে বিপিএল আয়োজনের চেষ্টা ছিল।

অবশেষে আগামী তিন বছরে বিপিএলের সময় নির্ধারণ করেছে বিসিবি। রোববার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, ‘আগামী তিন বছরে বিপিএল কখন হবে সেটা নির্ধারণ হয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোকেও ৩ বছরের জন্য দল দেবো।’

বিপিএলের নবম, দশম ও একাদশ আসর শুরু হবে প্রতি বছরের জানুয়ারি মাসে। টুর্নামেন্টের সময়কাল হবে ৪০ থেকে ৪২ দিন। নবম আসর হবে ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। দশম আসর মাঠে গড়াবে ২০২৪ সালের ৬ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে একাদশ আসর। এই তিন আসরে ৭টি করে দল অংশ নেবে।

দ্রুতই নতুন করে ফ্রাঞ্চাইজি চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। মিরপুর স্টেডিয়ামে পাপন বলেন, ‘এখন যেহেতু তারিখ হয়ে গেছে, এখন এক সপ্তাহের মধ্যে বাকিটা নির্ধারিত হয়ে যাবে। সব যে আগের মতো থাকবে তা না। কিছু কিছু পরিবর্তন আসতে পারে। আমরা সব বিষয় পরিষ্কার করেই বিজ্ঞাপন দেবো। টার্মস ও কন্ডিশন কিছুদিনের মধ্যেই নির্ধারণ হয়ে যাবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button