ক্রিকেটখেলাধুলা

ক্রিকেট বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা, জেনে নিন কোন দল পাবে কত টাকা

ভারতে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের প্রাইজমানির ঘোষণা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের মোট প্রাইজমানি ১ কোটি ডলার (১০৯ কোটি ৭৩ লাখ টাকা)। এই আসরে চ্যাম্পিয়ন দল পাবে ৪০ লাখ ডলার (প্রায় ৪৩ কোটি ৮৯ লাখ টাকা)।

আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠেয় ফাইনালে যে দলটি পরাজিত হবে তারাও ২০ লাখ ডলার নিয়ে দেশে ফিরবে।

এবারের বিশ্বকাপে অংশ নেবে মোট ১০টি দল। এই দলগুলো রাউন্ড রবিন লিগে প্রত্যেকেই এক অপরের বিপক্ষে খেলবে। রাউন্ড রবিন লিগে শীর্ষ চারটি দল উঠবে সেমিফাইনালে।

গ্রুপ পর্বেও থাকছে ভালো অঙ্কের প্রাইজমানির হাতছানি। প্রতিটি জয়ের জন্য দলগুলো পাবে ৪০ হাজার ডলার করে। আর রাউন্ড রবিন লিগ পর্ব শেষে যে দলগুলো নকআউট পর্বে উঠতে ব্যর্থ হবে তারা প্রতেকেই পাবে ১ লাখ ডলার করে।

সেমিফাইনালে পরাজিত দুই দল প্রত্যেকেই পাবে ৮ লাখ ডলারে করে।

ওয়ানডে বিশ্বকাপ মুকুটের জন্য লড়বে বিশ্বের ১০টি দেশ। ভারত স্বাগতিক হিসেবে সরাসরি বিশ্বকাপে উত্তীর্ণ হয়। এছাড়া বিশ্বকাপ সুপার লিগ টেবিলে র‍্যাংকিংয়ের ভিত্তিতে সরাসরি বিশ্বকাপের টিকিট পায় নিউজিল্যান্ড, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। বাছাইপর্ব খেলে বিশ্বকাপে এসেছে শ্রীলংকা ও নেদারল্যান্ডস।

তবে দুইবারের সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবারের আসরে খেলার টিকিট পায়নি।

ত্রয়োদশ বিশ্বকাপের ৪৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের মোট ১০টি ভেন্যুতে। ৫ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠবে এই আসরের। প্রথম দিন মুখোমুখি হবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড।  

এই বিভাগের অন্য খবর

Back to top button