
ইংলিশ চ্যাম্পিয়নশিপে গত শনিবার চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে ডান হাঁটুতে চোট পেয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি তারকা ফুটবলার হামজা চৌধুরী। চোটের কারণে ম্যাচের ২৯ মিনিটেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি।
ব্যথায় কাতর হামজাকে কিছুক্ষণ মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে খেলা চালিয়ে যেতে না পারায় তাকে বদলি করে মাঠের বাইরে নেওয়া হয়। এই ঘটনায় বাংলাদেশি ফুটবলভক্তদের মধ্যে শঙ্কা তৈরি হয়-চোট কতটা গুরুতর, কবে মাঠে ফিরবেন হামজা, আর আসন্ন ম্যাচগুলোতে তাকে পাওয়া যাবে কি না।
স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার পর লেস্টার সিটি নিশ্চিত করেছে, হামজার চোট বেশ গুরুতর। তার ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এমসিএল (MCL) ইনজুরি হিসেবে পরিচিত। পুরোপুরি সেরে উঠতে তার ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে।
তবে স্বস্তির খবর হলো, এই চোটে হামজার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজন পড়বে না। পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমেই তার চিকিৎসা চলবে।
বাংলাদেশ জাতীয় দলের পরবর্তী ম্যাচ আগামী ৩১ মার্চ। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে সিঙ্গাপুর সফর করবে হাভিয়ের কাবরেরার দল। এর আগে ভিয়েতনামের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।
পুনর্বাসন প্রক্রিয়া পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে হামজা মার্চের তৃতীয় অথবা শেষ সপ্তাহে মাঠে ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে। সে ক্ষেত্রে মার্চ মাসেই বাংলাদেশের জার্সিতে আবারও তাকে দেখা যেতে পারে।
তথ্যসূত্র: কালের কণ্ঠ



