
ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সিতে নেইমার-কে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালের অক্টোবরে। এরপর একাধিকবার তার ফেরার সম্ভাবনা তৈরি হলেও চোটের কারণে তা আর বাস্তবে রূপ নেয়নি।
তবে দীর্ঘ অপেক্ষার পর আবারও ব্রাজিল দলে ফেরার সম্ভাবনা জেগেছে এই তারকা ফরোয়ার্ডের। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম ও গ্লোবো জানিয়েছে, আসন্ন দুটি প্রীতি ম্যাচের প্রাথমিক দলে নেইমারকে রেখেছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।
আগামী জুন-জুলাইয়ের বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ব্রাজিল আগামী ২৭ মার্চ ফ্রান্স এবং ১ এপ্রিল ক্রোয়েশিয়া-র বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র-এ।
এই দুই ম্যাচের জন্য প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম রাখা হয়েছে এবং তালিকাভুক্ত খেলোয়াড়দের বিষয়ে তাদের ক্লাবগুলোকেও ইতোমধ্যে জানানো হয়েছে। তবে চূড়ান্ত দলে তার জায়গা এখনো নিশ্চিত নয়।
এদিকে ব্রাজিলিয়ান লিগে বাংলাদেশ সময় আগামীকাল ভোরে সান্তোস মুখোমুখি হবে মিরাসল-এর। তবে মাংসপেশির চোটের কারণে এই ম্যাচে খেলবেন না নেইমার। যদিও ম্যাচটি মাঠে বসে দেখবেন কোচ আনচেলত্তি।
আগামী সোমবার প্রীতি ম্যাচ দুটির জন্য ব্রাজিলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে। তার আগে নেইমারের বর্তমান ফিটনেস আরও একবার যাচাই করতে চান অভিজ্ঞ এই কোচ।
জানা গেছে, চোটের বিষয়টি জানানোর পর নেইমারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় সান্তোস। আগামী রবিবার লিগে করিন্থিয়ান্স-এর বিপক্ষে মাঠে নামার সম্ভাবনা রয়েছে তার।
অর্থাৎ চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে নিজেকে প্রমাণ করার জন্য নেইমারের হাতে আছে মাত্র একটি ম্যাচ। তবে সেই ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন না আনচেলত্তি।



