
বাংলাদেশ অনূর্ধ্ব‑২০ ফুটবল দল সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে ভারতের বিপক্ষে ১-১ গোলে ড্র করে গ্রুপ ‘বি’ থেকে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ভারত অনূর্ধ্ব-২০ ফুটবল দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।
মালদ্বীপের মালে জাতীয় স্টেডিয়াম-এ অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। শুরুর দিকে মিডফিল্ডার ফয়সাল গোলের ভালো সুযোগ পেলেও ভারতের গোলরক্ষক তা প্রতিহত করেন।
ম্যাচের ১৭ মিনিটে কর্নার থেকে হেড করে ভারতকে এগিয়ে দেন বিশাল যাদব। গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।
এ সময় রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় লাল কার্ড দেখে ডাগআউট ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রধান কোচ মার্ক কক্স।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে কর্নার থেকে আসা বলে গোল করে সমতা ফেরান ডিফেন্ডার আবদুল রিয়াদ ফাহিম। কর্নারটি করেছিলেন পাকিস্তান ম্যাচে জোড়া গোল করা বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের ফুটবলার রোনান সুলিভান।
বিরতির পর দুই দলই জয়ের জন্য চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ম্যাচটি ১-১ ড্রেই শেষ হয়।
এর আগে গ্রুপের আরেক দল পাকিস্তান অনূর্ধ্ব-২০ ফুটবল দল বাংলাদেশ ও ভারতের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। বাংলাদেশ পাকিস্তানকে ২-০ গোলে হারায়, অন্যদিকে ভারত জয় পায় ৩-০ ব্যবধানে।
গ্রুপ পর্ব শেষে ভারত ও বাংলাদেশের পয়েন্ট সমান ৪ হলেও গোল ব্যবধানে (+৩) এগিয়ে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। (+২) গোল ব্যবধানে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
সূত্র: প্রথম আলো



