ফুটবল
প্রধান খবর

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি, ভাইরাল ছবি ঘিরে উচ্ছ্বাস

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, শাহনুর রুমেনের কাছ থেকে হাসিমুখে বাংলাদেশের জার্সি গ্রহণ করছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। ছবিটি ইতোমধ্যেই বাংলাদেশি ফুটবল সমর্থকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই এটিকে বাংলাদেশ ও ব্রাজিলের ফুটবল সংস্কৃতির এক সুন্দর সংযোগ হিসেবে দেখছেন।

শাহনুর রুমেন দীর্ঘদিন ধরে ব্রাজিলে অবস্থান করে ফুটবল কাভার করছেন। ক্যাম্পেওনাতো ব্রাজিলেইরো সিরি আ–সহ বিভিন্ন প্রতিযোগিতায় কাজের অভিজ্ঞতা রয়েছে তার। সেই সুবাদেই বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল তারকার হাতে বাংলাদেশের জার্সি তুলে দেওয়ার সুযোগ পান তিনি।

অন্যদিকে, নেইমারের ক্যারিয়ার বর্তমানে নানা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকার পর তিনি ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা করছেন। সাম্প্রতিক সময়ে ক্লাব ফুটবলে তার ভবিষ্যৎ নিয়েও চলছে নানা জল্পনা। গুঞ্জন রয়েছে, নিজ দেশের ক্লাব সান্তোস ছেড়ে যুক্তরাষ্ট্রের লিগে পাড়ি জমাতে পারেন তিনি।

একই সঙ্গে ব্রাজিল জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে দলের পরিকল্পনায় নেইমার থাকবেন কিনা, তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। ইনজুরি, ফিটনেস ও পারফরম্যান্স-সব মিলিয়ে কিছুটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছেন এই তারকা।

তবে জনপ্রিয়তা কিংবা ভক্তদের ভালোবাসায় কোনো ঘাটতি নেই নেইমারের। বাংলাদেশের জার্সি হাতে নেওয়ার এই মুহূর্তও তারই প্রমাণ। ছোট একটি উদ্যোগ হলেও এটি বাংলাদেশ ফুটবলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন সমর্থকরা।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button