ফুটবল
প্রধান খবর

ব্রাজিলের বিশ্বকাপ জেতার এটিই সঠিক সময় : কাফু

ব্রাজিলের পঞ্চম ও সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর কেটে গেছে দীর্ঘ ২৪ বছর। ২০০২ সালে শেষবার শিরোপা জেতার পর থেকে সেলেসাওরা আর বিশ্বকাপ ছুঁতে পারেনি। তবে দেশটির কিংবদন্তি ফুটবলার কাফু মনে করেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপই ব্রাজিলের জন্য আবারও বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আদর্শ সময়।

দুইবারের বিশ্বকাপজয়ী কাফু ২০০২ সালে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে পঞ্চম শিরোপা এনে দেন। জাপানের ইয়োকোহামায় অনুষ্ঠিত ফাইনালে রোনালদো-র জোড়া গোলে জার্মানিকে ২-০ ব্যবধানে হারিয়েছিল ব্রাজিল।

এর আগে ১৯৯৪ সালেও ব্রাজিলের চতুর্থ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন কাফু। যুক্তরাষ্ট্রের পাসাদেনায় টাইব্রেকারে ইতালিকে হারিয়ে শিরোপা জিতেছিল সেলেসাওরা।

মাদ্রিদে লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সাংবাদিকদের কাফু বলেন, “শেষ শিরোপা জয়ের ২৪ বছর পর, আমি মনে করি এটি ব্রাজিলের জন্য একদম সঠিক সময়।”

নতুন কোচ কার্লো আনচেলত্তিকে নিয়েও আশাবাদী এই কিংবদন্তি। তাঁর ভাষায়, “আমরা এমন একজন কোচ এনেছি, যিনি নিয়মিত শিরোপা জেতেন। তিনি ব্রাজিল জাতীয় দলের মর্যাদা আরও বাড়াবেন।”

সাবেক এই রাইট-ব্যাক মনে করেন, ব্রাজিলের মিডফিল্ড ও আক্রমণভাগ আগেই শক্তিশালী ছিল। তাই আনচেলত্তি মূলত রক্ষণভাগ গোছানোর কাজ করছেন। তাঁর মতে, “বিশ্বকাপে যদি ব্রাজিল গোল না খায়, তাহলে তারা প্রতি ম্যাচেই অন্তত একটি গোল করবেই।”

ভিনিসিউস জুনিয়রকে নিয়েও বড় আশা দেখছেন কাফু। নানা বিতর্কে থাকা এই তারকার জন্য বিশ্বকাপকেই সেরা মঞ্চ হিসেবে দেখছেন তিনি। কাফু বলেন, “ফাইনালে উঠতে পারলে আট ম্যাচে ভিনিসিয়ুস পুরো বিশ্বকে দেখাতে পারবে, সে কতটা মূল্যবান।”

এছাড়া তরুণ এন্দ্রিক নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। তাঁর মতে, ধারে খেলে অভিজ্ঞতা অর্জনের ফলে এন্দ্রিক আরও পরিণত হয়েছেন এবং ভবিষ্যতে ব্রাজিলকে অনেক কিছু দিতে পারবেন।

বর্তমানে বাজিকরদের তালিকায় শীর্ষ পাঁচ ফেবারিটের মধ্যেই রয়েছে ব্রাজিল। আর তালিকার শীর্ষে আছে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন।

তথ্যসূত্র: সময় নিউজ

এই বিভাগের অন্য খবর

Back to top button