
হেক্সা জয়ের লক্ষ্য নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। ব্রাজিলের রিও ডি জেনিরোর ‘দ্য মিউজিয়াম অব টুমোরো’তে জমকালো আয়োজনে প্রকাশ করা হয় এই দল।
অনিশ্চয়তা থাকলেও দলে জায়গা পেয়েছেন নেইমার জুনিয়র। তবে আগের ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা থেকে বাদ পড়েছেন থিয়াগো সিলভা ও হোয়াও পেদ্রোর মতো পরিচিত মুখ।
বাংলাদেশ সময় সোমবার (১৮ মে) দিবাগত রাতে রিও ডি জেনিরোর মিউজু ডো আমানিয়াহতে ছিল উৎসবমুখর পরিবেশ। স্কোয়াড ঘোষণাকে ঘিরে ছিল নাচ-গান আর বাড়তি আয়োজন। সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন নতুন কোচ কার্লো আনচেলত্তি।
তার গাড়িবহর অনুষ্ঠানস্থলে পৌঁছানোর দৃশ্য ছিল অনেকটা আন্তর্জাতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মতো। দল ঘোষণার এই আয়োজন দেখতে ভেন্যুতে উপস্থিত ছিলেন প্রায় এক হাজার দর্শক। এছাড়া ১৩টি দেশের প্রায় ৬০০ গণমাধ্যমকর্মী অনুষ্ঠানটি কাভার করেন। সিবিএফের সরাসরি সম্প্রচারে অনলাইনে যুক্ত ছিলেন পাঁচ লাখের বেশি দর্শক।
নির্ধারিত সময়ের কিছুটা পরে মঞ্চে ওঠেন আনচেলত্তি। সংক্ষিপ্ত বক্তব্যের পর একে একে ঘোষণা করেন বিশ্বকাপ স্কোয়াডের ২৬ সদস্যের নাম।
গোলরক্ষক হিসেবে আছেন অ্যালিসন বেকার। তার বিকল্প হিসেবে রাখা হয়েছে এডারসন ও ওয়েবারটনকে।
রক্ষণভাগে নেতৃত্ব দেবেন মারকুইনহোস। তার সঙ্গে আছেন গ্যাব্রিয়েল মাগালহায়েস, দানিলো, অ্যালেক্স সান্দ্রো ও লিও পেরেইরা।
মিডফিল্ডে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, ফ্যাবিনহো ও লুকাস পাকেতা। মিডফিল্ড নির্বাচনে ডিফেন্সিভ সক্ষমতাকেই বেশি গুরুত্ব দিয়েছেন আনচেলত্তি।
সবচেয়ে বেশি উচ্ছ্বাস দেখা যায় নেইমারের নাম ঘোষণার সময়। তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে ফেটে পড়ে পুরো হলরুম।
আক্রমণভাগে নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এন্ড্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এছাড়া বোর্নমাউথের তরুণ ফুটবলার রায়ানকে স্কোয়াডের বড় চমক হিসেবে দেখা হচ্ছে।
বিশ্বকাপ প্রস্তুতির জন্য জাতীয় দলের হেডকোয়ার্টার গ্রাঞ্জা কোমারিতে আগামী ২৭ মে রিপোর্ট করবেন স্কোয়াড সদস্যরা। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে খেলা ফুটবলারদের জন্য রিপোর্টিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ মে।

